নেত্রকোণায় অ্যাসিড নিক্ষেপে দগ্ধ ৩

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোণা

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অ্যাসিড নিক্ষেপে তিনজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় মামলা করা হয়েছে।

আজ মঙ্গলবার পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন—উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ইয়ারন গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শাকিল (১৮), তুলাবাইদ গ্রামের মৃত সমেশ আলীর ছেলে মো. সিরাজ মিয়া ও একই ইউনিয়নের মৃত বিপিনের ছেলে গৌরাঙ্গ (৬০)।

মামলায় উপজেলার নিজামপুর গ্রামের মো. আব্দুল হাকিমের দুই ছেলে মো. শামীম মিয়া (১৮) ও মো. সাগর মিয়াকে (২১) আসামি করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাকিলের সঙ্গে শামীমের বাগবিতণ্ডা হয়। একপর্যায় শামীমকে চড় মারেন শাকিল। পরে শাহবাজপুর বাজার এলাকায় একটি কাপড়ের দোকানে শাকিলের ওপর জুয়েলার্সের কাজে ব্যবহৃত অ্যাসিড নিক্ষেপ করেন শামীম। এতে শাকিলের মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এছাড়া দোকানে থাকা সিরাজ মিয়া ও গৌরাঙ্গও দগ্ধ হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শাকিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, চিকিৎসাধীন শাকিলের মা থানায় এসে অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা করেছেন। মামলায় শামীম ও তার ভাই সাগরকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।