পঞ্চগড়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার বিকেলে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম সাজ্জাদ হোসেন এ আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার অভিযুক্ত বৈদ্যনাথকে (৪৪) গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে ওই কিশোরীকে ধর্ষণ করে প্রতিবেশী বৈদ্যনাথ। বিষয়টি কাউকে না জানাতে তাকে হুমকি দেওয়া হয়। পরে অসুস্থ হয়ে পড়লে কিশোরী বিষয়টি পরিবারকে জানায়। শুক্রবার দুপুরে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করেন। ওইদিন সন্ধ্যায় কিশোরীর মা বাদী হয়ে বৈদ্যনাথকে আসামি করে একটি মামলা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া ডেইলি স্টারকে বলেন, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্ত বৈদ্যনাথকে গ্রেপ্তার করা হয়।