ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব সংবাদদাতা, পাবনা

পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনের কাছে ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।  

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম দ্য ডেইলি স্টারকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনের মাঝগ্রাম প্রান্তে পৌঁছালে এর দুটি বগি লাইনচ্যুত হয়।

‘এতে মূল লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু হয়। পরে বিকেল ৫টার দিকে লাইনচ্যুত দুটি বগি রেখে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়’, বলেন তিনি।

ডিআরএম মোস্তফা আলম বলেন, আশা করছি, সন্ধ্যা ৭টার মধ্যে উদ্ধারকাজ শেষ হবে।

এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভুঁইয়াকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি আন্তঃনগর ও যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে বিকল্প রুট ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।