৫ মাসে সুশাসনের দৃঢ় বার্তা দিয়েছে সরকার: মাহদী আমিন
পাঁচ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সুশাসনের দৃঢ় বার্তা দিতে পেরেছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, জনগণের আস্থা অর্জন, ইশতেহারের প্রতিশ্রুতি রক্ষা, তাৎক্ষণিক চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সরকারের পাঁচ মাসের অর্জন তুলে ধরার সময় তিনি এসব কথা বলেন।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর গতকাল সরকারের পাঁচ মাস পূর্ণ হয়েছে। প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত এই উপদেষ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের দায়িত্বেও রয়েছেন।
মাহদী আমিন বলেন, মানবিক, বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং বিভিন্ন প্রকল্পের ব্যয় সাশ্রয়ী ও দুর্নীতিমুক্তভাবে পর্যালোচনার মাধ্যমে সরকার সুশাসনের দৃঢ় বার্তা দিয়েছে।
তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, বিপর্যস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্য এবং শিক্ষা খাত পুনর্গঠনের কাজ চলছে। পাঁচ মাসের সংক্ষিপ্ত সময়ে অর্জিত সাফল্যকে ভিত্তি করে অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার জনগণের প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৯ দিনে এবং মেহেরপুরের শিশু ধর্ষণ মামলার রায় ২৯ কার্যদিবসে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা হয়েছে। এছাড়া ৪৫ বছর পলাতক থাকার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
‘একইসঙ্গে আদালতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত থেকে প্রত্যর্পণের প্রক্রিয়া চলমান রয়েছে। সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে জাতীয় সংসদে ‘‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন’’ ও ‘‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল’’ পাস হয়েছে’, বলেন তিনি।
অর্থনৈতিক খাতের সাফল্য তুলে ধরে মাহদী আমিন বলেন, সুপরিকল্পিত ব্যবস্থাপনার ফলে মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত মার্চে রেকর্ড ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে এবং ব্যাংক খাতের মূলধন ঘাটতি পূরণে ৪০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে।
জনকল্যাণমূলক উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ১২ লাখ ক্ষুদ্র কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ, ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল সরবরাহ এবং অনার্স পর্যন্ত ছাত্রীদের জন্য অবৈতনিক শিক্ষার ঘোষণা দিয়েছে সরকার। পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ও ঢাকায় ২৫০টি পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
পররাষ্ট্রনীতিতে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে এবং ৯ দশমিক ২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে। এ ছাড়া ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে পাসপোর্টে ‘একসেপ্ট ইসরাইল’ লেখাটি পুনরায় সংযুক্ত করা হয়েছে।
মুখপাত্র আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথাগত প্রোটোকল ভেঙে সাধারণ মানুষের মতো ট্রাফিক সিগন্যালে গাড়ি থামিয়ে নিয়ম মেনে চলছেন। পাশাপাশি সরকারি অনুষ্ঠানে তার ব্যক্তিগত ছবি ব্যবহারও নিষিদ্ধ করেছেন। এসব উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।