হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৯৩

স্টার অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৯৩। এর মধ্যে নিশ্চিত হামে ৯৫ জন ও হামের উপসর্গ নিয়ে ৬৯৮ জন মারা গেছে।  

হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন, সিলেটে তিনজন ও চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৪৭ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৫৭৮ জন।

একই সময়ে ৯২২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৮ হাজার ৫৭০ জনে।