বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারের পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করেছেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে টিনের ছাউনি দেওয়া নতুন ঘরের চাবি তুলে দেন।
আজ দুপুর ১টা ২০ মিনিটের দিকে বন্যাকবলিত বাঁশখালীর বাহারছড়া এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ইউএনবিকে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বাহারছড়া গ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করেন এবং নতুন ঘরের চাবি হস্তান্তর করেন।’
তারেক রহমান এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবার ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি সেখানে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন বলেও জানান রনি।
এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে বাঁশখালী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে যান।
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত ৭ জুলাই থেকে বাঁশখালীসহ চট্টগ্রামের কয়েকটি প্রত্যন্ত ও নিচু এলাকা প্লাবিত হয়।
বন্যায় ঘরবাড়ি, পুকুর, জলাশয় ও মৎস্য খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে শত শত মানুষ ক্ষতিগ্রস্ত হন।
বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ফটিকছড়ির উদ্দেশে রওনা হন।
ফটিকছড়িতে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা পরিদর্শন এবং হেফাজতে ইসলাম আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিউর রহমান রুমন।