রাষ্ট্রপতির কাছে নতুন ভারতীয় হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

স্টার অনলাইন রিপোর্ট

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মা।

বৃহস্পতিবার পরিচয়পত্র পেশের পর হাইকমিশনার রাষ্ট্রপতিকে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানান। 

এ সময় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সম্প্রসারিত ও শক্তিশালী করতে তিনি কাজ করে যাবেন।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ হাইকমিশনারকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। 

পরিচয়পত্র পেশের পর হাইকমিশনার ভার্মা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।