জিআর অফিসে ছাদের পলেস্তারা খসে পড়ে দুদকের সহকারী পরিচালক আহত

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের পুরোনো ভবনে দুর্নীতি দমন কমিশনের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার ছাদের পলেস্তারা খসে পড়ে দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম আহত হয়েছেন।

আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

gr_acc_17apr23.jpg
আজ সোমবার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের পুরোনো ভবনে দুর্নীতি দমন কমিশনের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার ছাদের পলেস্তারা খসে পড়ে | ছবি: সংগৃহীত

দুদকের সহকারী পরিদর্শক মাসুদ রানা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন। তিনি বলেন, 'ঘটনার সময় আমিনুল ও ২ জন আইনজীবী অফিসে ছিলেন। তবে তারা আহত হননি। আমরা এসে দেখি আমিনুল স্যারকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়েছে। তার মাথায় ৫টি সেলাই দিতে হয়েছে।'

'চিকিৎসা শেষে তিনি বাসায় অবস্থান করছেন। ভবনটি পুরোনো হওয়ায় আমরা এখানে ঝুঁকি নিয়ে কাজ করি। আশা করব, কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প ব্যবস্থা করবে,' বলেন মাসুদ।