আগামী ৬ মাস বন্ধ থাকবে কমলাপুর-টিটি পাড়া সড়কের একটি লেন

স্টার অনলাইন রিপোর্ট

কমলাপুরে মেট্রোরেল স্টেশন নির্মাণ কাজের সুবিধার্থে কমলাপুর-টিটি পাড়া সড়কের দুটি লেনের একটি আজ থেকে ছয় মাস বন্ধ থাকবে।

আজ সোমবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'যে লেনটি চলমান থাকবে সেটা দিয়ে শুধু টিটি পাড়া থেকে কমলাপুর যাওয়া যাবে। কমলাপুর থেকে টিটি পাড়াগামী যানবাহনগুলোকে বাইপাস সড়ক ব্যবহার করতে হবে।'

তিনি আরও বলেন, 'স্টেশনের প্রথমতলার নির্মাণ কাজের সময় এই লেনটি দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হবে। তাই একটি লেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

প্রথমতলার নির্মাণ কাজ শেষ করতে প্রায় ছয় মাস সময় লাগবে বলে তিনি জানান।

ডিএমটিসিএল বর্তমানে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬ সম্প্রসারণ করছে।