বিরোধী দলের প্রতিনিধিত্বকারী এলাকাগুলো উন্নয়ন সহায়তা পাচ্ছে না: জামায়াত আমির

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোণা

সরকারি দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় বিভিন্ন অনুদান ও উন্নয়ন সহায়তা দেওয়া হলেও বিরোধী দলের প্রতিনিধিত্বকারী এলাকাগুলো একই ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার নেত্রকোণো সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন।

শফিকুর রহমান বলেন, যেসব এলাকায় বর্তমান সরকারি দলের সংসদ সদস্যরা রয়েছেন, সেখানে ছোটোখাটো বিভিন্ন অনুদান ও সহায়তা দেওয়া হয়েছে। কিন্তু বিরোধী দলের প্রতিনিধিত্বকারী এলাকাগুলোতে সেই ধরনের সুবিধা দেওয়া হয়নি। আমরা এ ধরনের বৈষম্যকে উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি।

তিনি বলেন, এই সরকারের সময় হবে কি না, আমি জানি না, তবে কিছু আলামত আমরা ইতোমধ্যে লক্ষ্য করছি। আপনারা দেখেছেন, সংসদের ভেতরে আমরা আমাদের উদ্বেগ ও আপত্তির বিষয়গুলো তুলে ধরেছি।

জামায়াত আমির বলেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, তারা দেশের প্রতি ইঞ্চি জমি ও প্রতিটি নাগরিকের জন্য দায়বদ্ধ। তারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী, দল বা এলাকার জন্য নয়, পুরো দেশের জন্য দায়িত্বশীল। আমরা বারবার এ কথা বলে আসছি এবং ভবিষ্যতেও বলে যাব। যেখানে বৈষম্য দেখব, সেখানে আমরা প্রতিবাদ জানাব ও আওয়াজ তুলব।

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থ ও উন্নয়নের প্রশ্নে সরকারি দল কিংবা বিরোধী দল—এটি বড় বিষয় নয়। আমাদের ঐক্যের জায়গাটি অটুট থাকতে হবে। নীতি, কৌশল ও কর্মপদ্ধতিতে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু জনগণের অধিকার ও প্রাপ্যতার ক্ষেত্রে কোনো বৈষম্য গ্রহণযোগ্য নয়।

‘জনস্বার্থ ও নাগরিকদের ন্যায্য প্রাপ্যতার ক্ষেত্রে কোথাও বৈষম্য দেখা গেলে জনগণের পক্ষ থেকে কথা বলা, সরকারের দৃষ্টি আকর্ষণ করা এবং প্রয়োজনে আপত্তি জানানো শুধু আমাদের রাজনৈতিক দায়িত্ব নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকারও’, বলেন শফিকুর রহমান।