ছাত্রদলের বিক্ষোভে ককটেল হামলা, আহত ১
বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচী লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ অংশের নেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক আল আশরাফ মামুন আহত হয়েছেন।
ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার কবির বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্রদলের বিক্ষুব্ধ নেতারা অবস্থান কর্মসূচি শেষে চলে আসার পথে ককটেল বিস্ফোরণে আহত হন মামুন।
বিক্ষুব্ধরা এ হামলার জন্য দলীয় সিন্ডিকেটকে দায়ি করেছে।
উল্লেখ্য, বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি ও কাউন্সিলের তারিখ মানেন না জানিয়ে আজ (২৪ জুন) আবার ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। কয়েকদিন আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিয়েছিলেন তারা। এবার তারা কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
বিক্ষোভের এক পর্যায়ে ছাত্রদলের দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে বলেও জানা গেছে।