দূষিত পানি সরবরাহের বিষয়ে ওয়াসার ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর চার জোনে দূষিত পানি সরবরাহের বিষয়ে ওয়াসার ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে আদালতে লিখিত আকারে ব্যাখ্যা প্রদানের জন্য ওয়াসাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ (৭ জুলাই) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে দাখিকৃত এক সরকারি প্রতিবেদনে বলা হয়, ঢাকার ১০টি জোনের মধ্যে চারটি জোনে সরবরাহকৃত ওয়াসার পানিতে ক্ষতিকর আর্সেনিক, ক্লোরিন, অ্যামোনিয়া ও ই-কোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে।

সম্প্রতি ঢাকার ১০টি জোনের ৩৪টি পয়েন্টের আটটি পানির নমুনা পরীক্ষা করেছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়। পরীক্ষায় চারটি জোনের আটটি পয়েন্টে র পানি দূষিত থাকার প্রমাণ মিলেছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) ল্যাবে এই পরীক্ষা করা হয়।

গত শুক্রবার রাতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু দ্য ডেইলি স্টারকে জানান, প্রতিবেদনে উল্লেখিত চারটি জোন ছাড়া বাকি জোনগুলোতে সরবরাহকৃত ওয়াসার পানি নিরাপদ রয়েছে।