আধা-বেলা হরতাল: শাহবাগ, পুরানা পল্টন মোড় অবরুদ্ধ

স্টার অনলাইন রিপোর্ট

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ (৭ জুলাই) বাম গণতান্ত্রিক জোটের ডাকা সারাদেশে আধা-বেলা হরতাল চলাকালে জোটের নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ এবং পুরানা পল্টন এলাকায় অবস্থান নিয়েছে।

সকাল ৬টায় হরতাল শুরু হওয়ার পর বামঘেঁষা দলগুলোর সমর্থকদের রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহন থামিয়ে দিতে এবং পিকেটিং করতে দেখা যায়।

সকাল ৯টার দিকে পুরানা পল্টন মোড়ে একটি বাস থামিয়ে এর জানালার কাঁচ ভাঙ্গা হলে সেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেসময় পুলিশ ঘটনাস্থল থেকে দুজন বিক্ষোভকারীকে আটক করলেও মিনিট দশেক পরে তাদের ছেড়ে দেয়।

Hartal
৭ জুলাই ২০১৯, হরতালের সমর্থনে রাজধানীর শাহবাগে প্রগতিশীল ছাত্র জোটের মিছিল। ছবি: প্রবীর দাশ

এর আগে সেই এলাকায় একজন মোটরসাইকেল চালককে থামতে বলা হলে তিনি থামতে রাজি না হওয়ায় তাকে হেনস্থা করতে দেখা যায়।

এছাড়াও, হরতালকারীরা পুরানা পল্টন মোড় অবরুদ্ধ করে রাখে। তারা নাইটেঙ্গেল মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেয়।

বেলা পৌনে ১১টার দিকে গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে স্লোগান দিয়ে সেই এলাকায় বিক্ষোভ করতে দেখা যায়। হরতালের সমর্থনে মিছিল নিয়ে জোটের নেতাকর্মীরা নাইটেঙ্গেল মোড় থেকে মিছিল নিয়ে পুরানা পল্টন, জিরো পয়েন্ট এবং প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে।

Hartal
৭ জুলাই ২০১৯, হরতালের সমর্থনে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোটের মিছিল। ছবি: রাশেদ সুমন

এদিকে, হরতাল সমর্থক প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। তারা গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহারের পাশাপাশি শিক্ষাখাতে বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবিও জানান।

সেসময় তাদের কয়েকজনকে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তায় পিকেটিং করতেও দেখা যায়।

এছাড়াও, রাজধানীর বিভিন্ন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে যান চলাচল থামিয়ে দেয় হরতাল সমর্থনকারীরা।

উল্লেখ্য, ভোর ৬টায় শুরু হওয়া হরতাল দুপুর ২টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন জোটের নেতারা।

আরো পড়ুন:

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে চলছে আধা-বেলা হরতাল