‘মঙ্গল গ্রহে আটকা পড়লেও ভারতীয় দূতাবাস সহায়তা করবে’

স্টার অনলাইন রিপোর্ট

২০১৭ সালের ৭ জুন একটি টুইট করে বেশ আলোচনায় এসেছিলেন ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বিদেশ-বিভূঁইয়ে আটকে পড়া ভারতীয়দের আশ্বাস দিয়ে সেই টুইটার বার্তাটি দিয়েছিলেন তিনি।

বিভিন্ন দেশে দুর্ঘটনায় বা বিভিন্ন কারণে আটকে পড়ে প্রবাসী ভারতীয়রা যখন নিজ দেশের সরকারের সহায়তা চেয়ে আবেদন করতেন তখন হাসিমুখে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন সুষমা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি তাদের উদ্দেশে পাঠাতেন অভয় বাণী বা সহায়তার আশ্বাস। তাই, বিপাকে পড়া ভারতীয়দের কাছে তিনি ছিলেন প্রিয় মানুষ।

গতকাল (৬ আগস্ট) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৭ বছর বয়সে মারা যান ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। তার মৃত্যুতে দেশটির বিভিন্ন মহল থেকে প্রকাশ করা হয় শোক। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজানরাও জানিয়েছেন সুষমার প্রতি তাদের আন্তরিক শ্রদ্ধার কথা।

২০১৭ সালে সুষমা ভারতের পররাষ্ট্রমন্ত্রী থাকা কালে তার উদ্দেশে টুইট করে এক ব্যক্তি বলেছিলেন, তিনি ‘মঙ্গল গ্রহে আটকে রয়েছেন’। এর উত্তরে সুষমা দিয়েছিলেন এক অসাধারণ আশ্বাস। লিখেছিলেন, “এমনকী, আপনি যদি মঙ্গল গ্রহেও আটকা পড়েন, সেখানকার ভারতীয় দূতাবাস আপনাকে সাহায্য করবে।”

সুষমার সেই ‘আশ্বাস বাণী’ সম্বলিত টুইটটি সেসময় দেশ-বিদেশে বেশ আলোচনা সৃষ্টি করেছিলো। ‘প্রশংসা বাণী’ পাঠিয়েছিলেন তার ভক্তরা। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, তার মৃত্যুতে আজ সেই ‘মঙ্গল’ বার্তাটির মাধ্যমে টুইটার স্মরণ করছে সুষমাকে।

[twitter]

[/twitter]