মশা নিধনে সময়মতো কার্যকর ওষুধ না কেনার দায় এড়াতে পারে না সরকার: হাইকোর্ট

স্টার অনলাইন রিপোর্ট

দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে এডিস মশা নিধনে সময়মতো কার্যকর ওষুধ না কেনার দায় ঢাকার দুই সিটি করপোরেশনের পাশাপাশি সরকারও এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

আজ (২৬ আগস্ট) এ বিষয়ে একটি স্বপ্রণোদিত (সুয়ো মোটো) রুলের শুনানিতে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন।

ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত অন্যান্য রোগে মৃত্যুর ঘটনা তদন্তে কোনো বিচারিক কমিশন গঠন করা হবে কী না, সে বিষয় আদেশ প্রদানে আগামী বুধবার দিন ধার্য করেছেন আদালত।

এর আগে, স্থানীয় সরকার মন্ত্রণালয় হাইকোর্টে একটি প্রতিবেদনে দাখিল করে জানিয়েছে, ভবিষ্যতে ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ এ ধরনের অন্যান্য রোগ প্রতিরোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নে কাজ করছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এ বছর ৬৩ হাজার ৫১৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।