ভোক্তাদের অভিযোগ, হটলাইন চালুর নির্দেশ হাইকোর্টের
ভোক্তাদের অভিযোগ গ্রহণ করে জরুরিভিত্তিতে ব্যবস্থা নিতে আগামী তিন মাসের মধ্যে হটলাইন সেবা চালু করতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে (ডিএনসিআরপি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ডিএনসিআরপিকে আউটসোর্সিংয়ের মাধ্যমে এই হটলাইন সেবা চালু করতে এবং অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়কে কোনো আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই প্রয়োজনীয় বাজেট বরাদ্দের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ (২৭ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
শুনানি চলাকালে ডিএনসিআরপির পরিচালক (প্রশাসন ও অর্থ বিভাগ) শামীম আল মামুন আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২০ আগস্ট হটলাইন স্থাপনের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ চাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে শামীম আল মামুনকে তলব করেছিলেন হাইকোর্ট।