২০২১ সালে প্রধানমন্ত্রী পদ্মাসেতু উদ্বোধন করবেন: কাদের

ইউএনবি, ঢাকা

২০২১ সালের জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আগামী বছরের মধ্যে পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ হবে বলেও জানান সেতুমন্ত্রী।

আজ (২৯ আগস্ট) সচিবালয়ে অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ঋণ পরিশোধ চুক্তি সাক্ষর শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের এসব তথ্য জানান।

তিনি বলেন, “২০২১ সালের জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর উদ্বোধন করবেন। এরপর সেখানে যান চলাচল শুরু হবে।”

তিনি আরও বলেন, “পদ্মাসেতুর মূল কাজের বাস্তব অগ্রগতি ৮৩ শতাংশ এবং আর্থিক অগ্রগতি হয়েছে ৭২ শতাংশ।”

প্রসঙ্গত, ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মাসেতু বাংলাদেশের বৃহত্তম অবকাঠামো প্রকল্প। সেতুটি চালু হয়ে গেলে এটি জিডিপি ১ দশমিক ২ শতাংশ বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।