যুক্তরাষ্ট্রে ডাকাতের গুলিতে বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিহত

স্টার অনলাইন রিপোর্ট

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি গ্যাস স্টেশনে ডাকাতির সময় এক বাংলাদেশি পিএইচডি গবেষণারত শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যম রিভেইলির খবরে বলা হয়, নিহতের নাম মো. ফিরোজ-উল আমিন (২৯)। তিনি লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন।

আইনজীবীর বরাত দিয়ে খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে তিনটায় এয়ালাইন হাইওয়ের ওপর লাকি’স ভ্যালেরো গ্যাস স্টেশনে ঢুকে ডাকাতেরা ওই স্টেশনের ক্লার্ক ফিরোজকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ফিরোজের মৃত্যু হয়।

লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির জনসংযোগ পরিচালক অ্যার্নি বালার্ড ওই আইনজীবীকে জানান, ফিরোজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তৃতীয় গোল্ডেন জি রিচার্ডের অধীনে পিএইচডি গবেষণা করছিলেন।