ছাত্রদলের নতুন সভাপতি ফজলুর রহমান সাধারণ সম্পাদক ইকবাল হোসেন

স্টার অনলাইন রিপোর্ট

কাউন্সিলে ভোটের মাধ্যমে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন ইকবাল হোসেন।

গতকাল বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় ছাত্রদলের শীর্ষ দুই পদের জন্য কাউন্সিলরদের ভোট হয়। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে স্কাইপে আলোচনার পর ভোটাভুটি হয়। ভোটের ফলাফল আজ হয়।

বৃহস্পতিবার ভোরে প্রকাশ করা ফলাফল অনুযায়ী ফজলুর রহমান ১৮৬ ভোট পেয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ইকবাল হোসেন পেয়েছেন ১৩৯ ভোট। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনকুল ইসলাম পেয়েছেন ১৭৮ ভোট ও সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলাম পেয়েছেন ৭৪ ভোট।

ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল হওয়ার কথা ছিল ১৪ সেপ্টেম্বর। এর মাত্র দুদিন আগে সাবেক কমিটির এক নেতার করা মামলায় কাউন্সিলের ওপর আদালতের স্থগিতাদেশ আসে।

গতকাল বুধবার বিকেল থেকে ছাত্রদলের কাউন্সিলর ও প্রার্থীদের বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হন। সেখান থেকে তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কাউন্সিলর, প্রার্থী ও দায়িত্বপ্রাপ্ত নেতারা স্কাইপের মাধ্যমে বৈঠক করেন। বৈঠক থেকে মির্জা আব্বাসের বাসায় কাউন্সিলের সিদ্ধান্ত হয়।