৬৩ জেলায় বোমা হামলা: ৫ জেএমবি জঙ্গির ১২ বছরের কারাদণ্ড

স্টার অনলাইন রিপোর্ট

সারাদেশে ৬৩ জেলায় বোমা হামলাকার সঙ্গে যুক্ত জামাতুল মুজাহিদিন বাংলাদেশ-এর পাঁচ জঙ্গিকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল। এই পাঁচ জন ২০০৫ সালের ১৭ আগস্ট ঢাকার খিলখেত এলাকায় বোমা বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিলেন।

আব্দুল্লাহ আল সোহাইন, আব্দুর রহমান মাসুক ও নজরুল ইসলাম ওরফে উজ্জ্বলের উপস্থিতিতে আজ ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. আল মামুন সাজা ঘোষণা করেন। সেই সঙ্গে তাদের প্রত্যেককে আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে ছয় মাসের বাড়তি সাজা ভোগ করতে হবে তাদের।

ওই ঘটনায় অভিযুক্তদের মধ্যে হাবিবুর রহমান হাবিব, মো. মুসা ওরফে মোস্তাফিজুর রহমান এখনও পলাতক। পলাতকদের গ্রেপ্তার কিংবা আত্মসমর্পণের দিন থেকে সাজা কার্যকর হবে।

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। ওইদিন দেশের ৬৩ জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় আধা ঘণ্টার মধ্যে প্রায় ৩০০ জায়গায় ৫০০ টাইম বোমার বিস্ফোরণ ঘটানো হয়। 

সেদিন সকালে খিলখেত এলাকায় একটি ফুটওভার ব্রিজের কাছে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সেদিনই এ ব্যাপারে একটি মামলা করা হয়েছিল। ২০০৫ সালের ২ নভেম্বর মামলার অভিযোগপত্র দেয় পুলিশ।