করোনা আক্রান্ত সন্দেহে যশোর হাসপাতালে নারী

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ২৫ বছর বয়সী এক নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে। যশোর সদর উপজেলার বাসিন্দা ওই নারী একটি বেসরকারি ক্লিনিকে কাজ করতেন।

সোমবার রাতে তাকে যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ আছে। পরীক্ষার জন্য তার নমুনা নিয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হচ্ছে।’

তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় আমরা প্রস্তুত আছি। যশোর জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ১০টি শয্যাসহ জেলা পর্যায়ে মোট ৫০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে।’