রাঙ্গামাটিতে ১২ পরিবার লকডাউন, হোম কোয়ারেন্টিনে ১২৩ জন
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ১২টি পরিবারকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব পশ্চিম মুসলিমপাড়া ঘুরে লকডাউনের ঘোষণা দেন। এ সময় উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে প্রশিক্ষণ শেষে এক আনসার সদস্য অসুস্থ অবস্থায় আসেন। তার অসুস্থার সঙ্গে করোনায় আক্রান্ত হওয়ার লক্ষণ মিলে গেছে। এ প্রসঙ্গে আহসান হাবিব বলেন, তিনি আক্রান্ত হয়েছেন কি না আমরা নিশ্চিত না। সতর্কতার অংশ হিসেবে ১২টি পরিবারের সদস্যদের ঘরে থাকতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা ঘর থেকে বের হবেন না। প্রয়োজনে প্রশাসন থেকে তাদের খাবার সরবরাহ করা হবে।
হোম কোয়ারেন্টিন শেষে আজ ৪৮ জন ছাড়পত্র পেয়েছেন। রাঙ্গামাটি জেলায় ১৭১ জনের মধ্যে এখন ১২৩ জন কোয়ারেন্টিনে আছেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, গত ২০ মার্চ পর্যন্ত ১৯ দিনে বিভিন্ন দেশ থেকে রাঙ্গামাটিতে ২৪৪ জন প্রবাসী ফিরে এসেছেন।
রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন বিপাশ খীসা বলেন, যারা হোম কোয়ারেন্টিনে আছেন তাদের কড়া নজরদারিতে রাখা হয়েছে, যেন কেউ ঘর থেকে বের হতে না পারেন। তাদের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। হোম কোয়ারেন্টিন শেষ হলে তাদের ছাড়পত্র দেওয়া হচ্ছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ বলেন, যারা হোম কোয়ারেন্টিনে আছেন প্রশাসন তাদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছে। তা ছাড়া বিদেশ ফেরত যারা হোম কোয়ারেন্টিনে আছেন তাদের বাসায় বাসায় খাবার সরবরাহ করা হচ্ছে।