নিয়ম অগ্রাহ্য করলে করোনাভাইরাস প্রতিরোধ কঠিন হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

বারবার অনুরোধ করার পরও মানুষ জনসমাগম পরিহার করতে চাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, জুমার নামাজে মসজিদ ঘর ভর্তি হয়েও রাস্তা পর্যন্ত লোক দাঁড়িয়ে যাচ্ছেন। এই মুহূর্তে এটি খুবই অনাকাঙ্ক্ষিত ব্যাপার।’

আজ শনিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ডেডিকেটেড করোনা বেড পরিদর্শনকালে তিনি একথা বলেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

তিনি বলেন, ‘সৌদি আরব, কুয়েত, ইরানের মতো মুসলিম দেশ যেখানে এই সময়ে মসজিদে গিয়ে নামাজে নিষেধাজ্ঞা জারি করেছে অথচ আমাদের দেশে এটি কোনভাবেই মানছে না। এভাবে নিয়ম অগ্রাহ্য করলে করোনাভাইরাস প্রতিরোধ কঠিন হবে।’

বিশ্বে করোনাভাইরাস কঠিন মূর্তি ধারন করছে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের সতর্ক না হয়ে আর উপায় নেই। প্রত্যেকেরই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এখন থেকে সামনের কিছুদিন ঘর থেকে খুব জরুরি না হলে বাইরে বের হওয়াই উচিত হবে না।

স্বাস্থ্যমন্ত্রী এসময় বাইরে কোনো প্রয়োজনে বের হলে মুখে মাস্ক পরে বের হওয়ার পরামর্শ দেন।

বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সাধারণ রোগে মানুষ চিকিৎসা পাচ্ছে না, এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী উদ্বেগ জানিয়ে বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। মানুষ এখন বিপদে আছে, এই বিপদে তারা (প্রাইভেট চিকিৎসা প্রতিষ্ঠানসমূহ) যদি চিকিৎসা না করে হাত গুটিয়ে বসে থাকে তবে সরকারও তাদের বিরুদ্ধে পরবর্তীতে লাইসেন্স বাতিলসহ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা মোকাবেলা করতে হলে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।’