হৃদরোগে নারীর মৃত্যু, করোনা আতঙ্কে কাছে যায়নি কেউ

নিজস্ব সংবাদদাতা, সাভার

সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত শিল্পী বেগম (৪৮) আজ শুক্রবার সকালে মারা গেছেন। কিন্তু, করোনাভাইরাসের আতঙ্কে কোনো প্রতিবেশী তার মরদেহের কাছে যাননি।

ঢাকার আশুলিয়া থানার পুলিশ মরদেহ উদ্ধার করে দাফনের উদ্দেশ্যে তার গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে।

শিল্পী বেগমের মামাতো ভাই মোসলেম উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, তার বোনের বাড়ি গাইবান্ধা। তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকায় মানুষের বাড়িতে কাজ করতেন। কয়েক বছর ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাভেদ মাসুদ জানান, হৃদরোগে মারা গেলেও করোনা আতঙ্কে মানুষ মরদেহের কাছে যাননি। মরদেহ গাইবান্ধায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সেখানকার সংশ্লিষ্ট থানা পুলিশকেও লাশ দাফনে সহযোগিতার জন্য বলা হয়েছে।