সরকারি চাল কালোবাজারে, স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশালের গৌরনদীতে ওএমএসের চাল কালোবাজারে বিক্রির দায়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতিসহ দুই জনকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৪ বস্তা চাল খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারে বিক্রির দায়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ডিলার প্রদীপ দত্ত এবং এক চালক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরো ১৫ দিনের দণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান জানান, সোমবার রাতেই তাদের আটক করা হয়েছিল।

এ ঘটনার পর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফারুক বেপারী জানান, প্রদীপকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।