কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩১ বস্তা ত্রাণের চাল জব্দ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক ভ্যান চালকের বাড়ি থেকে ৩১ বস্তা চাল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। চালের বস্তাগুলো নাগেশ্বরী থানায় রাখা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নগরপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুল জলিলের বাড়ি থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়।

কুড়িগ্রাম ডিবি পুলিশের পরিদর্শক কফিল উদ্দিন জানান, গোপন সংবাদে জানতে পারি ওই বাড়িতে সরকারি চাল রাখা হয়েছে। তবে কৌশল করে বস্তা পাল্টানো হয়েছে। অভিযানে যাওয়ার আগেই ওই ভ্যানচালক পালিয়ে গেছেন।

ভ্যানচালকের পরিবারের লোকজনের দাবি, মন্তাজ আলী নামে এক ব্যবসায়ী তার বাড়িতে চালগুলো রাখতে দিয়েছিল।

পরে মন্তাজের বাড়িতেও অভিযান চালায় পুলিশ। অবশ্য এর আগেই তিনিও পালিয়ে যান।

ডিবি পুলিশ পরিদর্শক আরও জানান, নাগেশ্বরী থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে নিশ্চিত হওয়ার পরই পুলিশ মামলা করবে।