পঞ্চগড়ে কুমিল্লাফেরত ৪৮ শ্রমিক কোয়ারেন্টিনে

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

পঞ্চগড়ে কুমিল্লাফেরত ৪৮ জন শ্রমিককে সদর উপজেলার জগদল ডিগ্রি কলেজের চারতলা অ্যাকাডেমিক ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ফিরে আসা শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করতে জেলা প্রশাসন এই ব্যবস্থা গ্রহণ করে। সেখানে তারা ১৪ দিন অবস্থান করার পর কোভিড-১৯ শনাক্ত না হলে স্ব স্ব বাড়িতে ফিরতে পারবেন।

কোয়ারেন্টিনে থাকা শ্রমিকরা উপজেলার অমরখানা, সাতমেরা ও পঞ্চগড় ইউনিয়নের বাসিন্দা। তারা পল্লী বিদ্যুৎ সমিতির কাজ করার জন্য বিভিন্ন সময়ে কুমিল্লা জেলায় যান।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি করোনাভাইরাসের বিস্তার রোধে দেশব্যাপী সাধারণ ছুটির কারণে তারা কর্মহীন হয়ে পড়ায় সেখানে (কুমিল্লা) মানবেতর জীবন-যাপন করছিলেন। পরে তাদের স্বজনরা পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের সঙ্গে যোগাযোগ করে তাদের ফিরিয়ে আনতে অনুরোধ করেন। পরে সংসদ সদস্যই তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায় বলেন, ‘বর্তমানে তারা সবাই সুস্থ থাকলেও তাদের প্রত্যেকের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠানো হবে।’

এর আগে, গতকাল বিকালে জগদল ডিগ্রি কলেজে এসব শ্রমিকদের কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হচ্ছে— এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় প্রায় শতাধিক মানুষ এর প্রতিবাদ জানিয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।