ঢাকায় করোনা আক্রান্ত দম্পতি পালিয়ে কুষ্টিয়ায়

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত এক দম্পতিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তারা পালিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে বাড়িতে যাচ্ছিলেন।

আজ শনিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সংসদ সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

আক্রান্ত ব্যক্তি বলেন, ‘আমরা ঢাকায় কামরাঙ্গীর চর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতাম। বুধবার আমার ও বৃহস্পতিবার আমার স্ত্রীর নমুনা পরীক্ষার ফলাফল পাই। আমরা দুজনই করোনায় আক্রান্ত হয়েছি। তখন সিদ্ধান্ত নিই, মরতে যদি হয়, বাড়িতে গিয়েই মরবো।’

রাজবাড়ী জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, ‘আক্রান্ত দম্পতি কুষ্টিয়া ফিরছেন— স্বজনের মাধ্যমে এ তথ্য জানার পরে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আকম সরওয়ার জাহান বাদশা জেলা প্রশাসক আসলাম হোসেনকে অবহিত করেন। পরে জেলা প্রশাসক উদ্যোগ নিয়ে তাদের কুষ্টিয়ায় নিয়ে গেছে।

ডা. তাপস কুমার সরকার আরও বলেন, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।