ঠাকুরগাঁওয়ে ২৮ জনকে ৫৬ হাজার টাকা জরিমানা
ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা না মানায় ২৮ জনকে ৫৬ হাজার ৬ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার সকালে জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল দিনব্যাপী বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের পরেও খোলা রাখাসহ বিভিন্ন কারণে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ২৮ জনকে মোট ৫৬ হাজার ৬ শ টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৮ জন, রাণীশংকৈল উপজেলার ৮ জন ও হরিপুর উপজেলার ২ জন।’
কে এম কামরুজ্জামান সেলিম আরও বলেন, ‘অপ্রয়োজনে যেন কেউ বাইরে না বের হয় এবং বের হলেও যেন সামাজিক দূরত্ব বজায় রাখে— আমরা সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছি। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১৪টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই কার্যক্রম অব্যাহত থাকবে।’