কুড়িগ্রামে সাংবাদিকের ওপর দোকান ব্যবসায়ীদের হামলার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

প্রশাসনের নির্দেশ অমান্য করে কৌশ‌লে ব্যবসা করা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা‌য় কুড়িগ্রামে একটি অনলাইন নিউজপোর্টালের সাংবাদিক সুজন মোহন্তের ওপর হামলার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে।

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলার পৌর এলাকার সা‌দ্দির মোড়ে এ ঘটনা ঘ‌টে। সুজন অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।  

এ ঘটনায় আজ কুড়িগ্রাম সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সুজন মোহন্ত।

তিনি জানান, বার্তা বাজার পত্রিকায় ‘অর্ধেক ঝাঁপ ফে‌লে কুড়িগ্রামে চলছে দোকানদারি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে কুড়িগ্রাম শহরের দোকান খোলা রাখার বাস্তব চিত্র তুলে ধরি। এর জের ধরে শহরের সাদ্দির মোড় এলাকার দোকান ব্যবসায়ী মানিকের নেতৃত্বে কিছু লোক এসে হুমকি দিয়ে যায়। এরপর রাত সাড়ে ৮টার দিকে একই এলাকার আরেক দোকান ব্যবসায়ী মামুনের নেতৃত্বে তার ভাইসহ কিছু লোক এসে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে হামলা করে। পরে আমাকে পরিবারের লোকজন এসে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।’

‘বর্তমা‌নে আমি নিরাপত্তাহীনতায় ভুগ‌ছি,’ বলেন তিনি।
অভিযুক্ত ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সাংবাদিককে হুমকি ও হামলার কথা অস্বীকার করে বলেন, তাকে শুধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কেন সংবাদ করা হয়েছে তা জিজ্ঞাসা করা হয়েছে।

হামলার নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছেন কু‌ড়িগ্রাম প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব। তি‌নি ব‌লেন, ‘প্রশাস‌নের কা‌ছে দা‌বি জানাই, অ‌ভিযুক্তদের বিরু‌দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ক‌রে তা‌দের‌ বিচা‌রের আওতায় আনা হোক।’

কু‌ড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান জানান, জিডি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।