কক্সবাজারে আরও ৩ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৪

নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার

কক্সবাজার আরও তিন জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের দুই জন উখিয়া ও একজন চকরিয়া উপজেলার বাসিন্দা। আজ বুধবার মোট ৯৫ জনের নমুনা পরীক্ষায় এই তিন জনের করোনা শনাক্ত হয়। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২৪ জন।

কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ২ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজে আইইডিসিআর এর ফিল্ড ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়। সেখানে এ পর্যন্ত মোট ১১২৬ জনের পরীক্ষা করা হয়। তার মধ্যে ২৫ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। শনাক্তদের ২৩ জন কক্সবাজার জেলার ও দুই জন বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার।

কক্সবাজারে শনাক্ত হওয়া করোনা রোগী মধ্যে মহেশখালী উপজেলায় নয় জন, টেকনাফে চার জন, উখিয়াতে চার জন, চকরিয়াতে তিন জন, সদর উপজেলায় দুই জন ও রামু উপজেলার একজন রয়েছেন। জেলার সাগরদ্বীপ কুতুবদিয়া ও উপকূলীয় পেকুয়া উপজেলায় এখনো কেউ শনাক্ত হয়নি।