পুলিশ লাইন্সস থেকে বাড়ি ফেরা কনস্টেবল করোনায় আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক পুলিশ কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আক্রান্ত পুলিশ সদস্যের বয়স ১৮ বছর। তার বাড়ি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কোঠাপাড়া গ্রামে। গত ২২ এপ্রিল তিনি ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন্স থেকে বাড়িতে আসেন। নমুনা সংগ্রহের সময় কোনো ধরনের উপসর্গ দেখা যায়নি। তবে তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। অন্য জেলা থেকে আসায় ২৩ এপ্রিল তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। ইতোমধ্যে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে।’

এ নিয়ে ঠাকুরগাঁওয়ে মোট ১৬ জন আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। সদর উপজেলায় একজন, হরিপুরে সাত জন, রাণীশংকৈলে দুই জন, পীরগঞ্জে চার জন ও বালিয়াডাঙ্গী উপজেলায় দুই জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে রাণীশংকৈল উপজেলার একজন ও হরিপুরের দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।