লালমনিরহাটে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

‘বাড়িতে ঢাকাফেরত রয়েছেন’— এমন অভিযোগ তুলে লালমনিরহাটের কালীগঞ্চ উপজেলায় দুটি বাড়িতে হামলা-ভাঙচুর চালানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আজ শনিবার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন। 

তিনি বলেন, ‘গতকাল রাতে মামলা দায়েক করা হয়েছে। মামলায় ১১ জনের নাম ও আরও ১৫-১৬ জনকে অজ্ঞাত উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। যত দ্রুত সম্ভব তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

‘এ ছাড়া, হামলার শিকার দুই পরিবারের সদস্যদের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে’, যোগ করেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, ‘বাড়িতে ঢাকাফেরত রয়েছেন’— এমন অভিযোগ তুলে গত ৩০ এপ্রিল সন্ধ্যায় শাহ আলী ও তার লোকজন দেশী অস্ত্র ও লাঠি নিয়ে প্রতিবেশী সুধাংশু চন্দ্র রায় ও অনিল চন্দ্র রায়ের বাড়িতে হামলা চালায়। সে সময় তারা ওই দুই বাড়ির কয়েকজন নারী-পুরুষকে মারধর করে এবং বাড়ি-ঘরে ভাঙচুর চালায়। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় আহতদের ওপর আবারো হামলা চালায় শাহ আলী ও তার লোকজন।

ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, ‘আসলে অনিল রায় ঢাকাফেরত নন। তিনি বাড়িতে রয়েছেন এবং করোনা পরিস্থিতির কারণে বাড়ির বাইরেও বেরোচ্ছেন না। জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে শাহ আলী করোনার সুযোগকে কাজে লাগিয়ে লোকজন নিয়ে এ হামলা চালিয়েছে।’

আরও পড়ুন:

‘বাড়িতে ঢাকাফেরত রয়েছেন’— অভিযোগ তুলে হামলা-ভাঙচুর