ফরিদপুরে বড় ভাইয়ের পর ছোট ভাইয়েরও করোনা শনাক্ত

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারীতে আরও এক শিক্ষার্থীর করোনা শনাক্ত করা হয়েছে। এর আগে তার বড় ভাইয়েরও করোনা শনাক্ত করা হয়েছিল। তারা দুজনেই ঢাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী। এ নিয়ে ফরিদপুর জেলায় মোট ১৪ জনের করোনা শনাক্ত করা হলো।

আজ শনিবার ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ‘ওই ছাত্রের বড় ভাই আগেই করোনা আক্রান্ত ছিলেন। তাই তাদের বাড়ি লকডাউন করা আছে। এদের সঙ্গে যারা মিশেছে তাদেরকেও চিহ্নিত করে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ‘ওই দুই শিক্ষার্থীকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদেরকে করোনা ডেডিকেটেড হাসপাতালে নেওয়া হয়নি।’

গত ৩০ এপ্রিল ওই শিক্ষার্থীর বড় ভাইয়ের করোনা শনাক্ত করা হয়েছিল।

আক্রান্ত দুই ভাই ঢাকার কামরাঙ্গিরচরের একটি মাদ্রাসার শিক্ষার্থী। গত ২২ এপ্রিল মাদ্রাসা বন্ধের পরে তারা দুজনসহ আরও সাতজন ফরিদপুরে গ্রামের বাড়িতে যান।