হাসপাতালের ওয়ার্ড বয়, আয়াসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত
নোয়াখালীতে স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয়, আয়াসহ আরও তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।
আজ রবিবার দুপুরে নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার দ্বীপাঞ্চল হাতিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ওয়ার্ডবয় (২৫), এক আয়া (২৪) ও সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের এক যুবক (২৫) সহ মোট তিন জনের করোনা শনাক্ত হয়েছে।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনায় আক্রান্ত ওয়ার্ডবয় বর্তমানে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত করোনা হাসপাতালের আইসোলেশনে রয়েছেন এবং আয়া তার নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন বলেন, ‘করোনায় আক্রান্ত ওই আয়া ২৩ এপ্রিল এবং ওয়ার্ড বয় গত ২৫ এপ্রিল হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন। এরপর তাদের দুই জনের নমুনা সংগ্রহ করে গত ২৬ এপ্রিল চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়।’
‘গতকাল শনিবার রাতে আসা নমুনা পরীক্ষার ফলাফলে ওয়ার্ডবয় এবং আয়ার করোনা পজেটিভ আসে,’ উল্লেখ করে তিনি বলেন, ‘এ ঘটনায় আয়ার বাড়ির আশপাশের এলাকার তিনটি বাড়ি আজ সকালে লকডাউন করা হয়েছে এবং হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচ নার্স ও এক স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডা. নাজিম উদ্দিন বলেন, ‘দ্বীপাঞ্চলের সাত লাখ মানুষের একমাত্র সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হওয়ায় তা লকডাউন করা যাচ্ছে না। তবে ওই আয়ার সংস্পর্শে আশা লোকজনদেরকে চিহ্নিত করে কোয়ারেন্টিনে রাখা এবং তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।’
এদিকে, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান বলেন, ‘উপজেলার নোয়ান্নই ইউনিয়নের এক যুবকের (২৫) করোনা শনাক্ত হয়েছে। তিনি কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়ি এসেছিলেন। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সংবাদ পেয়ে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা গত ২৬ এপ্রিল ওই যুবকের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠান। পরীক্ষা ফলাফলে তার করোনা পজেটিভ আসে।’
‘আজ সকালে তার বাড়ি লকডাউন করা হয়েছে এবং তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে,’ যোগ করেন তিনি।
তিন জনের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান বলেন, ‘এ ঘটনায় চিকিৎসক-নার্সসহ ২০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে এবং তাদের পরিবর্তে নতুন লোকজন কর্মস্থলে যোগ দিবেন।’