চাঁদপুরে আরও ৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর

চাঁদপুরে আরও তিন জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তারা হলেন, চাঁদপুর শহরের নতুনবাজার ও পুরানবাজার এলাকার ২২ বছরের দুই তরুণ এবং তরপুরচন্ডী এলাকার ২০ বছরের তরুণী। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন অফিস।

সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ বলেন, পরীক্ষায় সাত জনের মধ্যে তিন জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

এ নিয়ে চাঁদপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২ জন। মারা গেছেন তিন জন। ১০ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাজীগঞ্জে নিজ বাসায় দুজন, সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে দুজন এবং চাঁদপুর সদরের রামপুর, তরপুরচন্ডী, পুরানবাজার, নতুনবাজার ও হাইমচরে একজন করে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

এ ছাড়া, জেলায় বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ১৭১ জন। পরীক্ষার জন্য নেওয়া হয়েছে ৪৭৮ জনের নমুনা। পরীক্ষার রিপোর্ট এসেছে ৪১৪ জনের।