নোয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালী জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার রাত ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে গত পাঁচ দিনে জেলায় করোনা উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। 

নোয়াখালী জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, ‘সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল বিকাল ৩টার দিকে ওই যুবক হাসপাতালের জরুরি বিভাগে আসেন। প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তার ফুসফুসের অবস্থা খুব খারাপ।’

‘পরে তাকে দ্রুত ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু, তার পরিবারের লোকজন তাকে এই হাসপাতালেই রাখেন। পরে রাত ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে তার করোনা ছিল কি না। তবে, তার শরীরে করোনার উপসর্গ ছিল’, যোগ করেন তিনি।

উল্লেখ্য, গত পাঁচ দিনে জেলায় করোনা উপসর্গ নিয়ে আরও দুই জন মারা গেছেন। গত ৩০ এপ্রিল সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক নারী। ৩ মে সকালে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে নানার বাড়িতে মারা গেছে এক মাদ্রাসাছাত্রী (১৩)। তার বাড়ি জেলার বেগমগঞ্জ উপজেলার লাউতলি গ্রামে।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান বলেন, ‘জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৬ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে চার জন হাসপাতালের আসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।’