ডিজিটাল নিরাপত্তা আইনে কাজলকে গ্রেপ্তার দেখাতে সিটিটিসির আবেদন
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে গ্রেপ্তার দেখাতে আবেদন করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সিটিটিসির পরিদর্শক ও মামলাটির তদন্ত কর্মকর্তা মতলুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে আবেদন করা হয়েছে। আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন, তাকে গ্রেপ্তার দেখানো হবে কি না।’
দৈনিক পক্ষকালের সম্পাদক সাংবাদিক কাজল গত ১০ মার্চ থেকে নিখোঁজ হয়েছিলেন। হাতিরপুলে তার অফিস থেকে মোটরসাইকেল নিয়ে বেরোনোর পর সন্ধ্যা ৭টার দিকে তাকে শেষ বার নিউ মার্কেট এলাকায় দেখা যায় বলে সে সময় জানায় পুলিশ।
গত ৯ মার্চ আওয়ামী লীগের সংসদ সদস্য ডিজিটাল নিরাপত্তা আইনে কাজল, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে মামলার করেন। মামলায় অভিযোগ আনা হয়, বানোয়াট তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে তারা।
যে কারণে কাজলের পরিবার মনে করে, তাকে অপহরণ করা হয়েছে। রবিবার ভোর রাত পৌনে ৩টার দিকে যশোরের বেনাপোলে তার সন্ধান পাওয়া যায়।