বগুড়ায় ব্যাংক কর্মকর্তাদের ছুরিকাঘাত করে ভল্টের চাবি ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

বগুড়ায় সোনালী ব্যাংকের দুই জন কর্মীকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও ভল্টের চাবি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ সকাল সাড়ে নয়টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে জোড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মতিউর রহমান সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখার ম্যানেজার এবং অপর আহত আতাউর রহমান একই শাখার সিনিয়র অফিসার। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ দ্যা ডেইলি স্টারকে জানান, আহত দুজন এখন বিপদমুক্ত। আক্রমণকারীরা তাদের উরু, হাত এবং পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে।

জানা গেছে, মতিউর রহমান ও আতাউর রহমান বগুড়া শহর থেকে মোটরসাইকেলে তাদের কর্মস্থল নন্দীগ্রাম যাচ্ছিলেন। জোড়া বটতলা এলাকায় তাদের পথরোধ করে ছুরিকাঘাত করে ভল্টের চাবি, নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

দুর্বৃত্তরা চলে গেলে স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, ‘জানতে পেরেছি দুইজন মোটরসাইকেল আরোহী এই হামলা করেছে। আমরা তাদের ধরতে অভিযান শুরু করেছি।’

নন্দীগ্রামের সোনালী ব্যাংক শাখায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।