ফেসবুকে সরকারবিরোধী উস্কানিমূলক পোস্ট

নারায়ণগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

ফেসবুকে সরকারবিরোধী উস্কানিমূলক পোস্ট দেওয়ায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মোমেন প্রধান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোতালেবের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে জানান, ফেসবুকে সরকারবিরোধী উস্কানিমূলক পোস্টের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক অনেক পোস্ট দিয়েছেন তিনি ফেসবুকে। এজন্য ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। থানার এসআই মোতালেব বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি বলেন, ‘এক সংসদ সদস্যের সবুজ ধান কাটার ভিডিও ফেসবুকে শেয়ার করা, ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে ঢুকে যাচ্ছে, তাদের ঢুকতে দেয়া হবে না- এ জাতীয় পোস্ট দেন তিনি। মূলত সরকারের বিরুদ্ধে ফেসবুকে উস্কানিমূলক অনেক পোস্ট দেয়ায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।’

গতকাল দুপুরে উপজেলার কাঞ্চন বাজার থেকে মোমেন প্রধানকে আটক করে পুলিশ। এসময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার মোমেন উপজেলার কেন্দুয়াপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে।