নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনিশিয়ানসহ আরও ৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনিশিয়ানসহ আরও তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় এ পর্যন্ত ২৪ জনের করোনা শনাক্ত হলো।

আজ শুক্রবার ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক টেকনিশিয়ানের করোনা শনাক্ত হয়েছে। অন্য দুজন হলেন মধুখালীর জাহাপুর ও আলফাডাঙ্গা বানার বাসিন্দা। এ দুজন ঢাকা ফেরত। এদের এক জন ঢাকার মিরপুরের একটি বেসরকারি হাসপাতালের গাড়ি চালক। পাঁচদিন আগে তিনি বাড়িতে আসেন। অন্যজন মিরপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত বৃহস্পতিবার ফরিদপুরে আসেন তিনি।

সিভিল সার্জন আরও জানান, ফরিদপুরে নতুন করে তিন জন শনাক্ত হওয়ায় জেলায় এ পর্যন্ত মোট ২৪ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, ওই তিন জনের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।