হালদায় নৃশংসভাবে ডলফিন হত্যা

নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম

দক্ষিণ এশিয়ার রুই জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নৃশংস কায়দায় একটি ডলফিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হালদা বিশেষজ্ঞ ড. মঞ্জুরুল কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার রাউজানের উরকিরচর ইউনিয়নের হালদা নদী সংলগ্ন জিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান ড. মঞ্জুরুল কিবরিয়া।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ডলফিনটির মুখে জালের একটি অংশ আছে। এতে বোঝা যাচ্ছে ডলফিনটি মাছ ধরার অবৈধ জালে আটকে পড়েছিল। পরে তীরে তুলে কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। এসব ডলফিনের চর্বি থেকে নারীদের রোগমুক্তি ঘটে বলে এলাকায় এক রকম কুসংস্কার আছে। আমাদের ধারণা সে কারণে ডলফিনকে এভাবে নৃশংস কায়দায় হত্যা করা হয়েছে।’

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার আহ্বান জানান ড. মঞ্জুরুল কিবরিয়া।

২০১৭ সালের সেপ্টেম্বর থেকে হালদায় এ পর্যন্ত ২৪ টি ডলফিন মারা গেছে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। কিন্তু এর সঙ্গে কারা যুক্ত তা এখনও নিশ্চিত হতে পারিনি।’