যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরে বন্দুকযুদ্ধে বাবু (৪০) নামে এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাসমীম আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ ভোর রাতে সদর উপজেলার সাড়াপোল কলাবাগান এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।’

বাবুর বাড়ি সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে।

তাসমীম আলম আরও বলেন, ‘সাড়াপোল এলাকায় মাদকের বড় চালান হাতবদল হবে এমন তথ্য পেয়েছিলাম আমরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা গুলি চালাতে শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। তাতে এক মাদক একজন গুলিবিদ্ধ হয়। এছাড়া পুলিশের দুই সদস্য আহত হয়। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা তাকে বাবু বলে শনাক্ত করে।

জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ স্বপন বলেন, মাথায় গুলিবিদ্ধ হয়ে ওই ব্যক্তি মারা গেছেন। হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল।

আহত পুলিশ সদস্যদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, ২ শ পিস ইয়াবা ও ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বাবুর বিরুদ্ধে কোতয়ালী থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকের মোট ১২টি মামলা আছে বলে জানান তাসমীম আলম।