বিএমপির কনস্টেবল আক্রান্ত, উপকমিশনারের কার্যালয় লকডাউন
বরিশাল মহানগর পুলিশের এক কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দক্ষিণ জোনের অতিরিক্ত উপকমিশনারের কার্যালয় লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সকালে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে গত শনিবার পুলিশ হাসপাতালে ভর্তি হন ওই কনস্টেবল। সোমবার তার নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার রিপোর্ট এলে জানা যায় তিনি করোনায় আক্রান্ত। বরিশাল মহানগর পুলিশ দক্ষিণ জোনের অতিরিক্ত উপকমিশনার আবুল কালাম আজাদের গাড়ি চালক হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি। যে কারণে উপকমিশনারের কার্যালয় লকডাউন করা হয়েছে।
আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় পুলিশের কর্মকর্তা-কর্মচারীসহ ৩৬ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাকে বরিশাল পুলিশ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শহরের রুপাতলী এলাকায় তার বাড়ি লকডাউন করা হয়েছে।