অধিকাংশ আইনজীবী আইটি, স্মার্টফোনে পারদর্শী নন

পটুয়াখালীতে আইনজীবীদের ভার্চুয়াল আদালত বর্জন

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্যরা ভার্চুয়াল আদালত বর্জন করেছেন।

সমিতির আইনজীবীদের অধিকাংশই তথ্য-প্রযুক্তি ও স্মার্টফোনে পারদর্শী নন।

এছাড়াও, করোনাভাইরাসের কারণে কম্পিউটারের দোকান বন্ধ থাকা, ইন্টারনেট ও ওয়াইফাই সংযোগ নিয়ে সংকট থাকায় আইনজীবীগণ ভার্চুয়াল আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়দুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করেনাভাইরাসের কারণে দেশব্যাপী লকডাউন থাকায় বিচার প্রার্থীদের কথা বিবেচেনা করে সরকার ভার্চুয়াল আদালত চালু করলেও আইটি বিষয়ে অধিকাংশ আইনজীবী পারদর্শী না হওয়ায় আমরা এটি বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।’

আজ বুধবার জেলা আইনজীবী সমিতির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, করোনা প্রাদুর্ভাবের কারণে দেশের অন্যান্য দপ্তরের মতো বিচার বিভাগের কার্যক্রমও বন্ধ থাকার প্রেক্ষিতে সরকারের আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় গত ৯ মে ভার্চুয়াল আদালতের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

এর ফলে, আদালতে সংশ্লিষ্ট বাদি, বিবাদি, আইনজীবীদের শারীরিক উপস্থিতি ছাড়াই শুধুমাত্র ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জরুরি বিচারগুলো সম্পন্ন করার সুযোগ সৃষ্টি হয়।