ঠাকুরগাঁওয়ে নার্সসহ আরও ৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব সংবাদদাতা , ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সদর হাসপাতালের এক সিনিয়র নার্সসহ নতুন করে ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।

জেলা সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার আজ শনিবার বিকেলে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ঠাকুরগাঁও সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে কর্মরত এক সিনিয়র নার্সের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া, রানীশংকৈল উপজেলার ৩৮ বছর বয়সী এক নারীর করোনা শনাক্ত হয়েছে। তার স্বামী গত ৭ মে করোনা আক্রান্ত হয়ে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

এ ছাড়া, স্বামী-স্ত্রীসহ হরিপুর উপজেলার তিন জন ও বালিয়াডাঙ্গী উপজেলার ২২ বছর বয়সী এক নারীর করোনা শনাক্ত হয়েছে বলে তিনি জানান।

সিভিল সার্জন আরও জানান, ওই ছয় জনকে তাদের নিজ এলাকার হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেওয়া হচ্ছে।  

জেলায় এ পর্যন্ত ৮৬৮ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হলো বলে তিনি জানান।