চাল আত্মসাতে ঠাকুরগাঁওয়ে নারী ইউপি সদস্য বরখাস্ত
সরকারি চাল আত্মসাতের ঘটনায় ঠাকুরগাঁওয়ে এক সংরক্ষিত নারী ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয় বলে জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম।
সাময়িক বরখাস্তকৃত কুলসুম আক্তার জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।
গত ৯ এপ্রিল বালিয়াডাঙ্গীর বড় পলাশবাড়ী ইউনিয়নের পারুয়া গ্রামে পাঁচটি গোডাউন থেকে ১০ টাকা কেজি ৮৮৯ বস্তা চাল উদ্ধার করে ইউএনও ও পুলিশ। ওইদিন রাতেই বালিয়াডাঙ্গী উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র মহিলা ইউপি সদস্য ও তার স্বামীসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন। এর জের ধরেই দুই ডিলার আমিরুল ইসলাম ও আব্দুর রশিদের ডিলারশিপ বাতিল করা হয়।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম দ্য ডেইলি স্টারকে বলেন, স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনটি আমরা হাতে পেয়েছি। নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।