ছোট নৌকায় ঝুঁকি নি‌য়ে যমুনা‌ পার হ‌চ্ছে ঘরমুখো মানুষ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

ক‌রোনাভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পা‌নের মধ্যে ঝুঁকি নি‌য়ে ইঞ্জিনচা‌লিত ছোট নৌকায় করে যমুনা নদী পা‌র হচ্ছে দেশের উত্তর ও দ‌ক্ষিণাঞ্চ‌লের ঘরমুখো মানুষ। আজ বুধবার ভোর থেকেই ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে এসব মানুষজন বিকল্প মাধ্যমে যমুনা নদীর পাড়ে আসে।

সরেজমিনে বঙ্গবন্ধু সেতুর পূর্ব অংশে কা‌লিহাতী উপ‌জেলার বেল‌টিয়া যমুনা নদীর ঘাট ও ভুঞাপুর উপ‌জেলার গো‌বিন্দাসী ঘা‌টে গি‌য়ে এ চিত্র দেখা গে‌ছে। মহাসড়‌কে গণপ‌রিবহন বন্ধ থাকায় যে কোনো উপায়ে ঈদে বা‌ড়ি যাওয়ার জন‌্য তারা ঘাটে আসছে নদী পার হতে।

উত্তর ও দক্ষিণবঙ্গগামী মানুষজন ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজি ও ভ্যানে করে সেতু-পূর্ব বেলটিয়া যমুনা ঘাটে যেতে দেখা গেছে। সেখান থেকে ইঞ্জিন চালিত ছোট ছোট নৌকায় জনপ্রতি একশ টাকা ভাড়া দিয়ে তারা যমুনা নদী পার হচ্ছেন।

ঢাকাফেরত পঞ্চগড়গামী ফারুক জানান, কাজ নেই, টাকাও নেই যে থাকবো। তাই বাড়ি যাচ্ছি ঝুঁকি নিয়েই।

নদী পার হওয়া বগুড়াগামী মাইনুল হোসেন বলেন, ‘মহাসড়কে পরিবহণ বন্ধ। তাই বিকল্প উপায়ে বঙ্গবন্ধু সেতু-পূর্ব বেলটিয়া যমুনা নদীর ঘাটে আসি। এখান থেকে একশ টাকা দিয়ে যমুনা নদী পার করে দেওয়ার কথা থাকলেও, তারা মাঝ নদীর চরে নামিয়ে দেয়। এরপর সেখান থেকে আবার ৫০ টাকা দিয়ে সেতুর পশ্চিম পাড়ের পাওয়ার স্টেশনের কাছে গিয়ে নামতে হয়।’

কালিহাতী উপজেলার বেলটিয়া গ্রামের ফারুক আহমেদ বলেন, ‘ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে নদী পার হচ্ছে। এতে এলাকাবাসী ঝুঁকিতে আছে। অথচ পুলিশের সামনে দিয়ে দলে দলে মানুষ আসলেও তারা সেটি বন্ধ করেনি। তারা সিএনজি, অটোরিকশা ও ভ্যানে করে যমুনা নদীর বেলটিয়া ঘাটে আসছে।’

একই গ্রামের আমিনুল ইসলাম বলেন, ‘ভোর থেকে দুপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী কয়েক হাজার মানুষ নদী পার হয়েছেন।’

ট্রাক, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান ও পায়ে হেঁটে নৌ ঘাটে মানুষেরা ভিড় জমাচ্ছে বলে জানান ভূঞাপুরের গোবিন্দাসী নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন।

তিনি বলেন, ‘ঘাট এলাকায় পুলিশের টিম কাজ করছে, যাতে কেউ নৌঘাটে ভিড় জমাতে বা নদী পার হতে না পারে।’

বঙ্গবন্ধু সেতু-পূর্ব নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এমএ আব্দুল মান্নান বলেন, ‘বঙ্গবন্ধু সেতু-পূর্ব এলাকার যমুনা নদীতে পুলিশের টহল রয়েছে। যাতে কেউ ঝুঁকি নিয়ে নদী পার হতে না পারে।’

বঙ্গবন্ধু সেতু-পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আইয়ুবুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু সেতু-পূর্ব বেলটিয়া ঘাটে পুলিশের টিম কাজ করছে। নৌকাযোগে কাউকে নদী পার হতে দেওয়া হয়নি।’