করোনায় এবার পুলিশের নায়েকের মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীতে আরেক পুলিশ সদস্য মারা গেছেন। এ নিয়ে কোভিড-১৯ মহামারিতে পুলিশের ১১ জনের মৃত্যু হলো।

মারা যাওয়া নায়েক আল মামুনুর রশীদ ডিএমপির পরিবহন বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি লক্ষীপুরের রামগতিতে। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।

ডিএমপির পরিবহন বিভাগের উপপুলিশ কমিশনার জোবায়দুর রহমান জানান, মামুনুরের এক সহকর্মীর কোভিড-১৯ পজিটিভ পাওয়া যাওয়ার পর তারও নমুনা সংগ্রহ করা হয়েছিল। গতকাল রাতে তার পরীক্ষার রিপোর্ট আসে। গত কিছুদিন ধরে তিনি বাসাতেই ছিলেন। আজকে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

করোনায় গতকাল সকালে চট্টগ্রামে মো. মোখলেছুর রহমান (৫৭) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তাকেও রাখা হয়েছিল কোয়ারেন্টিন সেন্টারে। সেখানে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয়েছিল হাসপাতালে। সেখানেই ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

পুলিশে একদিনে সর্বোচ্চ ৩৪০ জনের করোনা শনাক্ত

আরও ১ জনসহ করোনায় মোট ১০ পুলিশ সদস্যের মৃত্যু