করোনায় আক্রান্ত হওয়ার খবরে মোবাইল বন্ধ করে আত্মগোপন
করোনায় আক্রান্ত হওয়ার খবর জানার পর নিজের মোবাইল বন্ধ করে মানিকগঞ্জে আত্নগোপনে গেছেন ২৬ বছর বয়সী এক যুবক। জেলা শহরের নওখন্ড এলাকায় তার বাড়ি।
জেলা প্রশাসক এস এম ফেরদৌস জানান, দুদিন আগে তিনি করোনা পরীক্ষার জন্য মানিকগঞ্জ জেলা হাসাপাতালে নমুনা দেন। সেই নমুনা সাভার প্রাণীসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছিল। সেখান থেকে গত রাতে ওই ব্যক্তির রিপোর্ট আসে। করোনা পজিটিভ হওয়ার খবর জানতে পেরে তিনি তার মোবাইল ফোন বন্ধ করে দেন। সর্বশেষ তাকে শহরের টিনপট্টি এলাকায় দেখা যায়।
করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবকের মোবাইল ট্র্যাকিং করে খুঁজে বের করতে মাঠে নেমেছে মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা।